অনেকে প্রশ্ন করেন, আমি তো নামাজ পড়ি, কিন্তু আমার জীবনে তেমন পরিবর্তন অনুভব করি না কেন? আবার অনেকে নিজের অভিজ্ঞতা থেকে বলেন, নিয়মিত নামাজ তাঁদের জীবন পুরোপুরি বদলে দিয়েছে। কোরআন ও হাদিসে নামাজের যে প্রভাবের কথা বলা হয়েছে, তা বুঝতে পারলে আমরা নিজেদের নামাজকে সেই মানে উন্নীত করার চেষ্টা করতে পারি।
অশ্লীলতা ও মন্দ থেকে বিরত রাখে
সূরা আল-আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ।
যে মানুষ দিনে পাঁচবার আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে "আমরা কেবল তোমারই ইবাদত করি", তার পক্ষে নামাজের মাঝখানের সময়টুকুতে প্রকাশ্যে আল্লাহর অবাধ্যতা করা কঠিন হয়ে যায়। প্রতিটি নামাজ যেন আগের নামাজের পর থেকে কী করেছি, তার হিসাব নেওয়ার মুহূর্ত।
কেউ যদি দেখেন, নামাজ পড়া সত্ত্বেও তিনি গুনাহ থেকে বিরত থাকতে পারছেন না, তাহলে তা নামাজ পরিত্যাগের কারণ নয়, বরং নামাজের মান উন্নত করার সংকেত। আলেমরা বলেছেন, নামাজের এই প্রভাব খুশু ও নিষ্ঠার অনুপাতে বাড়ে।
অস্থিরতা থেকে মুক্তি
সূরা আল-মাআরিজের ১৯ থেকে ২৩ নম্বর আয়াতে মানুষের স্বভাবের একটি চিত্র আঁকা হয়েছে: মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরচিত্ত করে। বিপদ এলে সে হা-হুতাশ করে, আর কল্যাণ এলে কৃপণ হয়ে যায়। তবে নামাজ আদায়কারীরা ছাড়া, যারা নিয়মিত নামাজে অবিচল থাকে।
অর্থাৎ নামাজ মানুষের স্বভাবজাত উদ্বেগ, অস্থিরতা ও কৃপণতার প্রতিষেধক।
বিপদে সাহায্যের উপায়
সূরা আল-বাকারার ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। সুনানে আবু দাউদের হাদিসে হুজাইফা (রা.) বলেছেন, নবীজির সামনে কোনো কঠিন বিষয় এলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। দুশ্চিন্তার মুহূর্তে মানুষের কাছে দৌড়ানোর আগে জায়নামাজে দাঁড়ানো নবীজির সুন্নত।
হৃদয়ের প্রশান্তি
সূরা আর-রাদের ২৮ নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। নামাজ আল্লাহর স্মরণের সবচেয়ে পূর্ণাঙ্গ রূপ। সূরা ত্বহার ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। সুনানে নাসায়ির হাদিসে নবীজি বলেছেন, নামাজে রাখা হয়েছে আমার চোখের শীতলতা।
শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা
দিনের পাঁচটি নির্দিষ্ট সময়ে নামাজ জীবনকে একটি ছন্দে বাঁধে। ভোরে ঘুম থেকে ওঠা, কাজের ফাঁকে বিরতি, সন্ধ্যায় দিনের হিসাব, রাতে দিনের সমাপ্তি। নিয়মিত নামাজিরা সাধারণত সময় ব্যবস্থাপনায়ও দক্ষ হয়ে ওঠেন।
পরিচ্ছন্নতা
দিনে কয়েকবার অজু, পরিষ্কার পোশাক ও পবিত্র স্থানের শর্ত মানুষকে শারীরিকভাবে পরিচ্ছন্ন রাখে।
বিনয় ও সাম্য
সিজদায় মানুষের সবচেয়ে সম্মানিত অঙ্গ কপাল মাটিতে রাখা হয়। এটি অহংকার ভেঙে দেয়। আর জামাতে ধনী-গরিব, মালিক-কর্মচারী সবাই এক কাতারে দাঁড়ায়, যা সামাজিক সাম্যের শিক্ষা দেয়।
গুনাহ মোচন
সহিহ মুসলিমের হাদিসে নবীজি বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী গুনাহগুলোর কাফফারা, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়।
পরিবর্তন অনুভব করতে
- নামাজকে দিনের কেন্দ্র বানান, অবসরের কাজ নয়। দিনের পরিকল্পনা নামাজের সময়ের চারপাশে সাজান।
- নামাজে যা পড়ছেন, তার অর্থ জানুন।
- প্রতিটি নামাজের পর এক মুহূর্ত ভাবুন, পরের নামাজ পর্যন্ত কোন একটি ভুল থেকে বাঁচব।
- নামাজের মান নিয়ে হতাশ না হয়ে ধীরে ধীরে উন্নতির চেষ্টা করুন।
শেষ কথা
নামাজ ওষুধের মতো। নিয়মিত সঠিক মাত্রায় গ্রহণ করলে ধীরে ধীরে এর প্রভাব শরীর ও মনে ছড়িয়ে পড়ে। একদিনে পরিবর্তন আশা না করে আজ থেকে প্রতিটি নামাজ একটু বেশি যত্ন নিয়ে পড়ুন। কয়েক মাস পর পেছনে তাকালে নিজেই পরিবর্তনটা দেখতে পাবেন।



