নবীজি (সা.) ছিলেন মানবজাতির ইতিহাসে সবচেয়ে দানশীল মানুষদের একজন। তাঁর হাতে যা আসত, তা মানুষের মাঝে বিলিয়ে দিতেন। কেউ কিছু চাইলে তিনি "না" বলতেন না। তাঁর দানশীলতা থেকে আমরা শিখতে পারি সদকার প্রকৃত অর্থ, গুরুত্ব এবং এর বিভিন্ন রূপ।
নবীজির দানশীলতা
সহিহ বুখারিতে ইবনে আব্বাস (রা.) বলেছেন, নবীজি (সা.) ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, আর রমজানে যখন জিবরাইল (আ.) তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তিনি প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন।
সহিহ মুসলিমে আনাস (রা.) বর্ণনা করেছেন, এক ব্যক্তি নবীজির কাছে কিছু চাইলে তিনি তাকে দুই পাহাড়ের মাঝখানের পুরো ছাগলের পাল দিয়ে দিলেন। লোকটি তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা ইসলাম গ্রহণ করো, কারণ মুহাম্মদ এমনভাবে দান করেন যে দারিদ্র্যের ভয় করেন না।
জাবির (রা.) বলেছেন, নবীজির কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি কখনো "না" বলেননি (সহিহ বুখারি ও মুসলিম)।
সদকা সম্পদ কমায় না
সহিহ মুসলিমের হাদিসে নবীজি (সা.) বলেছেন, সদকা সম্পদ কমায় না। বাহ্যিকভাবে মনে হয় দান করলে টাকা কমে গেল, কিন্তু আল্লাহ সেই সম্পদে বরকত দেন এবং অপ্রত্যাশিত পথে তার বিনিময় দান করেন। সূরা সাবার ৩৯ নম্বর আয়াতেও বলা হয়েছে, তোমরা যা কিছু ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন।
অর্ধেক খেজুর হলেও
সহিহ বুখারি ও মুসলিমের হাদিসে এসেছে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, অর্ধেক খেজুর সদকা করে হলেও। আর যদি তাও না থাকে, তাহলে একটি উত্তম কথার মাধ্যমে। অর্থাৎ দানের পরিমাণ নয়, আন্তরিকতাই মূল।
সদকার বিভিন্ন রূপ
সহিহ বুখারি ও মুসলিমের হাদিসে নবীজি (সা.) বলেছেন, প্রতিটি ভালো কাজ সদকা। বিভিন্ন হাদিসে সদকার যেসব রূপের কথা এসেছে:
- দুজন মানুষের মধ্যে ন্যায়বিচার করা।
- কাউকে বাহনে উঠতে বা মাল তুলতে সাহায্য করা।
- উত্তম কথা বলা।
- নামাজে যাওয়ার প্রতিটি কদম।
- পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া।
- হাসিমুখে সাক্ষাৎ করা।
সহিহ মুসলিমের হাদিসে এসেছে, এক ব্যক্তি পথের ওপর থেকে একটি কাঁটাযুক্ত ডাল সরিয়ে দেওয়ায় আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন।
গোপনে দান করা
সহিহ বুখারি ও মুসলিমে কিয়ামতের দিন আরশের ছায়ায় আশ্রয় পাওয়া সাত শ্রেণির মানুষের কথা এসেছে। তাদের একজন হলো সেই ব্যক্তি, যে এমন গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কী দান করেছে। গোপন দানে লোক দেখানোর আশঙ্কা থাকে না এবং গ্রহীতার সম্মানও রক্ষা পায়।
দানের পর খোঁটা নয়
সূরা আল-বাকারার ২৬৪ নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে তোমাদের সদকা বিনষ্ট কোরো না। দান করার পর তা মনে করিয়ে দেওয়া বা গ্রহীতাকে ছোট করা দানের সওয়াব নষ্ট করে দেয়।
কাকে আগে দেবেন
সহিহ বুখারি ও মুসলিমের হাদিসে নবীজি (সা.) বলেছেন, উত্তম সদকা হলো যা সচ্ছলতার পর দেওয়া হয়, আর যাদের ভরণপোষণের দায়িত্ব তোমার ওপর, তাদের দিয়ে শুরু করো। অভাবী আত্মীয়কে দান করলে দ্বিগুণ সওয়াব, দানের সওয়াব এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব (সুনানে তিরমিজি, নাসায়ি)।
ছোট থেকে শুরু করুন
প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ, যত ছোটই হোক, আলাদা করে রাখুন। মাস শেষে তা কোনো অভাবী পরিবার, এতিম বা মসজিদ-মাদরাসায় দিন। শিশুদের হাতে টাকা দিয়ে তাদের দিয়ে দান করান, যাতে ছোটবেলা থেকেই দানশীলতার অভ্যাস গড়ে ওঠে।



